মিরসরাইয়ে বাসচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের চাপায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানিয়েছে পুলিশ।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আফসার জানান, মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা ওই নারী হঠাৎ করে মহাসড়কে উঠে পড়েন। এ সময় চট্টগ্রামমুখী জোনাকি পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহত নারীর পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top