ছাত্রশক্তির নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামে জাতীয় ছাত্রশক্তির এক নেতাকে নিষিদ্ধ ‘ছাত্রলীগ’ ও ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। আহত ব্যক্তির নাম মো. ইসমাইল। তিনি ছাত্রশক্তির চট্টগ্রাম মহানগরের থানা সংগঠক।

নগরীর হাজেরা তজু কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদুল হক শিকদারের নেতৃত্বে এ হামলা হয়েছে বলে অভিযোগ করেন ইসমাইল।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নগরীর চকবাজার থানাধীন চট্টেশ্বরী রোডে এ ঘটনা ঘটলেও শুক্রবার বিষয়টি জানাজানি হয়।

আহত মো. ইসমাইল বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। তার মাথায় আটটি সেলাই দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় শুক্রবার রাত পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি।

জানা গেছে, বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় প্রথমে তাকে ঘিরে ধরা হয়। এরপর ‘ছাত্রলীগ’ ও ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে তাকে লাথি এবং ধারালো অস্ত্র
হামলার কারণ সম্পর্কে ইসমাইলের দাবি, প্রায় এক বছর আগে কক্সবাজারে এক নারীকে হত্যার ঘটনার বিচার চেয়ে তিনি ফেসবুকে লিখেছিলেন। ওই নারী তাদের বাসায় তার মাকে কাজে সহায়তা করতেন। ওই ঘটনায় জিহাদুলের বাবার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ইসমাইল ও জিহাদুলের বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলায়।

তবে অভিযুক্ত জিহাদুল হক হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।

এ বিষয়ে চকবাজার থানার ওসি মো. নূর হোসেন মামুন বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছিলাম। কিন্তু কেউ কোনো তথ্য দিতে পারেনি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগও দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top