ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও নদীতে পাহাড়ি ঢলের পানিতে ভেসে নিখোঁজ হওয়া শিশু সাজেদুল ইসলামের (১২) মরদেহ চার দিন পর উদ্ধার করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকালে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ঈদগাঁও নদীর গজালিয়া চরপাড়া ফরেস্ট অফিস গেটসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাজেদুল ইসলাম রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসনাকাটা কুনাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় হেডম্যান খলিলুর রহমান জানান, সকালে নদী পারাপারের সময় স্থানীয় লোকজন পানিতে একটি ভাসমান মরদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে নিখোঁজ শিশুর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহটি সাজেদুলের বলে শনাক্ত করেন।
পরিবারের সদস্যরা জানান, গত ৮ জুলাই বিকেলে ঈদগড় এলাকায় পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে গিয়ে সাজেদুল পানিতে তলিয়ে যায়। এরপর থেকে তার খোঁজে উদ্ধার অভিযান চলছিল। চার দিন পর তার মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন





