মহেশখালীতে খালে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু

মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ রাজঘাট ওলাঘোনা এলাকায় খালের পানিতে ডুবে মো. রাকিব (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় বাড়ির পাশের একটি খাল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাকিব দক্ষিণ রাজঘাট এলাকার বাসিন্দা নুর হোছাইন (নুনু)-এর ছেলে। পরিবারের একমাত্র সন্তান রাকিবের অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে রাকিব বাড়ির পাশেই খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরাও অনুসন্ধানে যোগ দেন।

দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বাড়ির পাশের একটি খালে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। দ্রুত তাকে উদ্ধার করে নতুন বাজার ডিজিটাল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের মৃত্যুর ঘোষণার পর হাসপাতালে উপস্থিত স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

রাকিবের অকাল মৃত্যুতে দক্ষিণ রাজঘাট ওলাঘোনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top