উখিয়ায় ৬ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর পানবাজার পুলিশ ক্যাম্পের অভিযানে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উখিয়ার পানবাজার পুলিশ ক্যাম্পের চেকপোস্ট-৯.১ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

৮ এপিবিএন সূত্রে জানা গেছে, চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা রোহিঙ্গাদের তল্লাশির সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশির জন্য থামতে বললে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে।

পরবর্তীতে স্থানীয় দোকানদার ও পথচারীদের উপস্থিতিতে আটক ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়। তিনি বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা শাহামিয়ার ছেলে জোনায়েদ (২৩)।

পরে সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে একটি কালো পলিথিনে মোড়ানো সাদা শপিং ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে থাকা ৩০টি নীল জিপারযুক্ত পলিব্যাগে মোট ৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। প্রতিটি পলিব্যাগে ২০০টি করে ইয়াবা ছিল। পরে সেগুলো জব্দ করা হয়।

এ বিষয়ে ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মদ, পিপিএম বলেন, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। যে কোনো মূল্যে মাদক পাচার ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাব।

তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে এবং জব্দ করা আলামতের বিষয়ে উখিয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

চাটগাঁ নিউজ/মোস্তফা/এমকেএন

Scroll to Top