পটিয়ায় কবরস্থান থেকে অজ্ঞাত নারীকে উদ্ধার, হাসপাতালে মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়া উপজেলার একটি কবরস্থান থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয়ের এক নারীর হাসপাতালে মৃত্যু হয়েছে। রহস্যজনক এ ঘটনায় নারীর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক ২৮ বছর বয়সী ওই নারী মারা যান।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ল্যাংগার দোকানসংলগ্ন কবরস্থান থেকে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

উদ্ধারকারীদের একজন ফার্নিচার ব্যবসায়ী মো. রুবেল জানান, ঘটনাস্থলে নারীর পাশে একটি বিষের বোতল পড়ে থাকতে দেখে প্রথমে সবার ধারণা হয় তিনি বিষপান করেছেন। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরিচয় শনাক্ত না হওয়ায় বিষয়টি পটিয়া পৌরসভা গাউছিয়া কমিটির মানবিক টিমকেও জানানো হয়।

তবে পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তৈয়ব জানান, হাসপাতালে আনার পর প্রাথমিক পরীক্ষায় বিষপানের কোনো সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি। তিনি বলেন, নারীর মুখ দিয়ে ফেনা ও বর্জ্য বের হচ্ছিল। তাই মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের অপেক্ষা করতে হবে।

পটিয়া পৌরসভা গাউছিয়া কমিটির মানবিক টিমের সদস্যসচিব মাওলানা মোহাম্মদ ইছহাক বলেন, খবর পাওয়ার পর তারা চিকিৎসার দায়িত্ব নেন। ময়নাতদন্ত শেষে পরিচয় শনাক্ত না হলে গাউছিয়া কমিটির উদ্যোগে মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে।

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) সমীর ভট্টাচার্য জানান, এ মুহূর্তে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top