তিন মামলায় হাইকোর্টে জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

চাটগাঁ নিউজ ডেস্ক: জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া তিনটি মামলায় সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৯ জুন) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

তবে এই তিন মামলায় জামিন পেলেও আপাতত কারামুক্তি পাচ্ছেন না মমতাজ। তার আইনজীবী মোসাম্মৎ খাইরুন্নেসা জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে। এর মধ্যে সোমবার জামিন পাওয়া তিন মামলার দুটি মানিকগঞ্জে এবং একটি রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা হয়েছিল। বাকি মামলাগুলো নিষ্পত্তি না হওয়ায় এখনই তার মুক্তির সুযোগ নেই।

গত বছরের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে চার দিনের রিমান্ড শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরপর থেকেই তিনি কারাবন্দি রয়েছেন।

লোকসংগীতশিল্পী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া মমতাজ বেগম ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন। পরে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top