বিদেশি পিস্তল-গুলিসহ টেকনাফে গ্রেপ্তার ৫ মামলার ৪ আসামি 

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে পুলিশের অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ধারালো কিরিচসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি নোহা বক্সি গাড়িও জব্দ করা হয়।

আজ বুধবার (২৮ অক্টোবর) বিকালে টেকনাফ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— হ্নীলা ইউনিয়নের নাইক্ষ্যংখালী এলাকার বেলাল উদ্দিন (৪৮), হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়ার মাহাবুবুর রহমান মাহবুব (৩১), খারাংখালী-পশ্চিম মহেষখালীয়া পাড়ার মো. রিশাদ (২৪) এবং হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার এলাকার আব্দুল্লাহ (২৫)।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে টেকনাফ-কক্সবাজার সড়কের হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব লেদা এলাকায় এ অভিযান চালানো হয়।

জানা গেছে, ওসি মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পূর্ব লেদা এলাকায় সড়কের ওপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এ সময় টেকনাফগামী একটি নোহা গাড়িকে থামার সংকেত দিলে চালক ও সামনের আসনে থাকা এক ব্যক্তি গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যান। পরে গাড়ির পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ চারজনকে আটক করে।

পুলিশের দাবি, আটক ব্যক্তিদের তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তাদের ব্যবহৃত নোহা বক্সি গাড়িটি জব্দ করা হয়। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাদের বিরুদ্ধে অপহরণসহ একাধিক মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, অস্থায়ী চেকপোস্টে তল্লাশির সময় সন্দেহভাজন নোহা গাড়িটি থামানোর সংকেত দেওয়া হলে দুজন পালিয়ে যান। পরে গাড়ির পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টাকালে চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি কিরিচ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top