চাটগাঁ নিউজ ডেস্ক : ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার না হলে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হতে থাকবে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।
তিনি বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের সুফল এখনো জনগণ পায়নি। সরকার আইনের শাসন ও বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে এর পরিণতি ভয়াবহ হতে পারে।
২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে চট্টগ্রাম মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর ওয়াসা মোড়ে জমিয়াতুল ফালাহ মসজিদের সামনে এ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
মুহাম্মদ শাহজাহান বলেন, ২০০৬ সালের অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার না হওয়ার কারণেই ফ্যাসিবাদের জন্ম হয়েছিল।
তিনি আরও বলেন, সেদিন বিকেল ৩টায় চারদলীয় ঐক্যজোট সরকারের পাঁচ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে আওয়ামী লীগ গুলি চালিয়েছিল। ইসলামী আন্দোলনের কর্মীরা মানবঢাল তৈরি করায় নেতাদের কোনো ক্ষতি হয়নি।
জুলাই চেতনা বাস্তবায়নে জামায়াতের আমিরের নেতৃত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে চট্টগ্রামকে আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুছ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও মেয়রপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি এস এম লুৎফর রহমান এবং চট্টগ্রাম-১১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শফিউল আলম।
চাটগাঁ নিউজ/এসএ






