চাটগাঁ নিউজ ডেস্ক: প্রায় ১৭ বছর আগে নগরের বাকলিয়া থানার ডিসি রোড এলাকায় সংঘটিত পলাশ হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৯ জুন) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন মাহমুদুল হাসান ওরফে সোহেল এবং আইয়ুব আলী ওরফে বাবুল।
আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর জানান, মামলায় মোট ১৬ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত দুই আসামিকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
রায় ঘোষণার সময় দুই আসামিই পলাতক ছিলেন। ফলে তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, পূর্ব শত্রুতার জেরে ২০০৯ সালের ২৭ আগস্ট নগরের বাকলিয়া থানার ডিসি রোড এলাকার জামাল বিল্ডিংয়ের চতুর্থ তলায় পরিকল্পিতভাবে মো. পলাশকে হত্যা করা হয়।
ঘটনার পরদিন নিহতের ভাই মো. সম্রাট বাকলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিলে ২০১২ সালের ১২ নভেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। প্রথমে মামলাটি বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন থাকলেও পরে তা চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। সোমবার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ মামলার রায় ঘোষণা করেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





