চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে সজিব ধর (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে পরিবারের সদস্যদের দাবি, তিনি একজন মৃগীরোগী ছিলেন।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার ১২ নম্বর চিকনদণ্ডী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বণিকপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সজিব ধর ওই এলাকার সমীর ধরের ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান সজিব। এ সময় মৃগীরোগে আক্রান্ত হয়ে তিনি পানিতে ডুবে যান। দীর্ঘ সময় পার হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। পরে পুকুরে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে পুকুরের পানি থেকে সজিবকে উদ্ধার করা হয়। পরে দ্রুত স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা বনিক জানায়, সজিব দুপুরের দিকে বাড়ির পাশের পুকুরে স্নান করতে যায়। তার মৃগীরোগ ছিল। দীর্ঘ সময় পরও স্নান সেরে বাসায় না ফেরায় পরিবারের লোকজনসহ স্থানীয়রা সজিবকে খুঁজতে থাকে। এসময় পুকুর পাড়ে সজিব ধরের পায়ের স্যান্ডেল পড়ে থাকতে দেখে তারা পুকুরে তল্লাশি চালিয়ে সজীবকে উদ্ধার করে।
চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রবিন বলেন, বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে সজিব ধরের মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন।
চাটগাঁ নিউজ/জেএইচ






