চাটগাঁ নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২৪ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৩৭ জন, চট্টগ্রাম বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ২৮ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) দুইজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭ জন, খুলনা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, ময়মনসিংহ বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) দুইজন এবং রাজশাহী বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) চারজন রয়েছেন।
একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০০ জন ডেঙ্গু রোগী। চলতি বছরে এ পর্যন্ত মোট পাঁচ হাজার ৪৫৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরের ২৯ জুন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৯২৪ জনে। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৯ শতাংশ নারী।
এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুইজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন। এতে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। এর আগের বছর ২০২৪ সালে আক্রান্ত হন এক লাখ এক হাজার ২১৪ জন, আর মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে দেশে ডেঙ্গুর সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা দেয়। ওই বছর তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং প্রাণ হারান এক হাজার ৭০৫ জন।
চাটগাঁ নিউজ/এমকেএন





