চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশে যাত্রীবাহী নোয়া গাড়ি ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছোট ভাইসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (২৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মোজাহেরপাড়া রাস্তার মাথা এলাকায়, স্থানীয়ভাবে পরিচিত ‘আমিনের দোকান’ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুব আলম (২৫) মোজাহেরপাড়ার মৃত আবুল কালামের ছেলে। আহতরা হলেন তাঁর ছোট ভাই মো. সাহেদ এবং মো. রাসেল।
স্থানীয়দের ভাষ্য, সড়কের একটি বাঁকের পাশে লাকড়ি স্তূপ করে রাখায় বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখা কঠিন হয়ে পড়ে। এতে মোটরসাইকেল ও নোয়া গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
চাটগাঁ নিউজ/এমকেএন





