চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগরের লোহারদিঘিরপাড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।
রবিবার (২৮ জুন) দুপুর সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সিআর ট্রাভেলসের একটি বাস লোহারদিঘিরপাড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি মহাসড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে অংশ নিয়ে আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে পাঠান।
দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার জানান, দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত সিআর ট্রাভেলসের বাসটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। ঢাকা পৌঁছানোর পর বাসটির বগুড়ায় যাওয়ার কথা ছিল।
চাটগাঁ নিউজ/এমকেএন





