জিনিয়াসদের হাত ধরেই গড়ে উঠবে আলোকিত বাংলাদেশ
জিনিয়াস শিশু উৎসবে প্রফেসর রুহুল আমীন

চাটগাঁ নিউজ ডেস্ক : জিনিয়াসদের হাত ধরেই সমৃদ্ধ ও আলোকিত বাংলাদেশ গড়ে উঠবে উল্লেখ করে আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রুহুল আমীন বলেছেন, ‘আজকের জিনিয়াসরাই একদিন দেশের নেতৃত্ব দিবে। তাদেরকে সঠিক পরিচর্যা দিয়ে মেধা ও মননে যোগ্য করে গড়ে তুলতে হবে। একদিন এই জিনিয়াসরাই বিশ্বের দরবারে বাংলাদেশকে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাবে। সুতরাং আগামী প্রজন্মের মেধাবিকাশে জিনিয়াসের সময়োপযোগী উদ্যোগ প্রশংসার দাবিদার।’

শনিবার (২৭ জুন) বিকেল ৩টায় আনোয়ারা উপজেলা মিলনায়তনে জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পুরস্কার বিতরণ ও শিশু উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রফেসর রুহুল আমীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই সময়ের মূল্য দাও, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, সততা ও শৃঙ্খলাকে জীবনের সঙ্গী বানাও। প্রতিদিন নিজেকে গতকালের চেয়ে আরও ভালো করার চেষ্টা করো। বিশ্বাস রাখো- পরিশ্রম কখনো বিফলে যায় না। সফলতা একদিন অবশ্যই তোমাদের দরজায় কড়া নাড়বে।’

জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সরোজ আহমেদের সভাপতিত্বে সুশান্ত কুমার শীল ও বিলকিছ আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়লা-সোবহান ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, আনোয়ারা উপজেলা হিসাবরক্ষণ অফিসার মো. শহীদুল ইসলাম, আনোয়ারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হিন্দোল বারী, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ আইনবিষয়ক সম্পাদক ডিআইএম জাহাঙ্গীর আলম, সাংবাদিক মো. মোজাম্মেল হক।


অনুষ্ঠানের বিশেষ অতিথি অ্যাডভোকেট ফৌজুল আমিন চৌধুরী বলেন, আজকের ছোট ছোট প্রচেষ্টাই আগামী দিনের বড় সাফল্যের ভিত্তি। নিয়মিত পড়াশোনা করো, শিক্ষকদের সম্মান করো, বাবা-মায়ের কথা শুনো এবং সবসময় ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। ব্যর্থতাকে ভয় নয়, বরং শেখার সুযোগ হিসেবে গ্রহণ করো। স্বপ্ন দেখো, সেই স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম করো। তোমরাই হবে আমাদের গর্বিত প্রজন্ম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পীরখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম এরশাদ হোসাইন, জিনিয়াস সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রিদওয়ানুল হক, নাট্যজন মীর জুবেদ, আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মহসিন পারভেজ, হাসান জাহাঙ্গীর, শিক্ষক মুহাম্মদ নাছিম উদ্দিন, সাংবাদিক এম ডি রাজু, সাংবাদিক রূপন দত্ত, রেজাউল করিম সাজ্জাদ, নুরুল কবির, নুরুল আজিম, তানজিম আহমেদ, সাহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আনোয়ারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৯৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে ল্যাপটপ, নগদ অর্থ, ক্রেস্ট, সনদ, বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top