আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় দিনদুপুরে প্রকাশ্যে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি মো. গিয়াস উদ্দিন (৩৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৭ জুন) ভোর ৩টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মধ্যম দুরদুরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া গিয়াস উদ্দিন আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের রুদ্রা ময়নার বাড়ির আবদুস ছোবাহানের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গত ২২ জুন সকাল ১১টার দিকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে গিয়াস উদ্দিন সোহেল নামে এক যুবককে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এ ঘটনায় আহত সোহেলের চাচা মো. বদিউল আলম (৪৩) বাদী হয়ে গিয়াস উদ্দিন ও তার বোন কহিনুর আক্তারের বিরুদ্ধে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেন।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, সোহেলকে ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক প্রচার পায়। ঘটনার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন





