দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

চাটগাঁ নিউজ ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইন্টারপোলের সহযোগিতায় দেশটির আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে।

রবিবার (১৪ জুন) এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এআইজি) শাহাদাত হোসেন। তিনি জানান, গত ১২ জুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশকে চিঠির মাধ্যমে বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়টি অবহিত করেছে।

তবে কোন মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে এবং তাকে দেশে ফিরিয়ে আনতে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি না—এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালকের দায়িত্বেও ছিলেন।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র র‍্যাবের কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে বেনজীর আহমেদের নামও সেই তালিকায় অন্তর্ভুক্ত হয়।

২০২৪ সালে বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর তদন্ত শুরু করে দুদক। ওই সময় তিনি দেশ ত্যাগ করেন। পরে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয় এবং আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top