স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন পুরো ক্রীড়াবিশ্ব ডুবে আছে, ঠিক তখনই আরেকটি বিশ্ব আসরের পর্দাও উঠছে আজ। ইংল্যান্ডের মাটিতে শুরু হচ্ছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
বিশ্বের সেরা দলগুলোর লড়াইয়ে অংশ নিতে প্রস্তুত বাংলাদেশও। ফুটবলের মহাযজ্ঞের আড়ালে কিছুটা চাপা পড়ে গেলেও ব্যাট-বলের এই বিশ্বমঞ্চে নিজেদের ছাপ রাখার প্রত্যাশায় মুখিয়ে আছেন ক্রিকেটাররা।
বার্মিংহামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। সাতটি ভেন্যুতে বিশ্বকাপের মোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
এবারের আসরে মোট ১২টি দল অংশ নিচ্ছে। দুই গ্রুপে ছয়টি করে দল বিভক্ত হয়ে মাঠে নামবে।
গ্রুপ ওয়ানে আছে বাংলাদেশ। ওই গ্রুপে টাইগ্রেসদের অন্য প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডস। গ্রুপ টুতে আছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।
চৌদ্দ জুন ইংল্যান্ডের বার্মিংহাম ক্রিকেট গ্রাউন্ডে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। এরপর সতেরো জুন হেডিংলিতে অস্ট্রেলিয়া, বিশ জুন সাউদাম্পটনে পাকিস্তান, পঁচিশ জুন ওল্ড ট্র্যাফোর্ডে ভারত এবং আটাশ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ।
দুই হাজার চৌদ্দ সালে অভিষেকের পর ছয়টি বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ। কোনো আসরেই গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি টাইগ্রেসরা। বিশ্বকাপের মঞ্চে পঁচিশ ম্যাচ খেলে তিনটিতে জয় ও বায়শটিতে হেরেছে বাংলাদেশ।
মূল পর্বে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুটি প্রস্তুতি ম্যাচেই হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা। নিউজিল্যান্ডের কাছে আটানব্বই রানে এবং আয়ারল্যান্ডের কাছে এগারো রানে হারে মেয়েরা।
প্রতিটি গ্রুপের সেরা দুই দল সেমিফাইনাল খেলবে। ত্রিশ জুন ও দুই জুলাই দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। পাঁচ জুলাই লর্ডসে ফাইনালের মাধ্যমে বিশ্বকাপের পর্দা নামবে।
দুই হাজার চব্বিশ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপের শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে তেত্রিশ রানে হারিয়ে শিরোপা ঘরে তোলে তারা।
সর্বোচ্চ ছয়বার বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। দুই হাজার দশ, বারো, চৌদ্দ, আঠারো, কুড়ি ও তেইশ সালে শিরোপা ঘরে তোলে দলটি।
দ্বিতীয় সর্বোচ্চ একবার করে শিরোপা জিতেছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড। ফাইনালে উঠেও শিরোপার স্বাদ পায়নি দক্ষিণ আফ্রিকা এবং ভারত।
চাটগাঁ নিউজ/এমকেএন





