‘শাকিব খানকে কি ভূতে ধরল যে ভক্তদের এমন অখাদ্য সিনেমা উপহার দিচ্ছেন’

বিনোদন ডেস্ক: ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত চিত্রনায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’ দেখে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন জনপ্রিয় মডেল, অভিনেত্রী এবং চিকিৎসক নায়লা নাঈম। সিনেমাটির দুর্বল গল্প ও নির্মাণশৈলী নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানের কড়া সমালোচনা করে তিনি প্রশ্ন তুলেছেন, পরপর ভালো সিনেমা করার পর শাকিব খানকে কি ভূতে ধরল যে ভক্তদের এমন অখাদ্য সিনেমা উপহার দিচ্ছেন!

আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে তিনজন সহঅভিনেত্রী হিসেবে অভিনয় করেছেন তানজিয়া মিথিলা, সাবিলা নূর ও সুনিধি নায়েক। ঈদের দিন প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে নায়লা নাঈম তার তীব্র ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘শাকিবিয়ানদের সঙ্গে এভাবে ব্লাফ দেবে পরিচালক কোনোদিন কল্পনাও করিনি! সিনেমায় না ছিল কোনো কাহিনি, না ছিল গল্পের গভীরতা!’

তিনি জানান, তার সঙ্গে যিনি সিনেমাটি দেখতে গিয়েছিলেন, তিনি শেষ এক ঘণ্টা হলে ঘুমিয়েছেন; অথচ এর আগে শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমাটি দেখে তিনি কাঁদতে কাঁদতে হল থেকে বের হয়েছিলেন।

নায়লা নাঈম আক্ষেপ করে লেখেন, ‘প্রিয়তমা, রাজকুমার, বরবাদ’ এর মতো দারুণ সব সিনেমা করার পর শাকিব খানকে আসলে কি ভূতে ধরছে যে তার এত বিশাল ফ্যান ফলোয়ারদের এসব ফালতু অখাদ্য সিনেমা সে একের পর এক উপহার দিচ্ছে। ক্ষোভ নিয়ে এই অভিনেত্রী আরও বলেন, পুরো সিনেমায় শাকিব খানের ব্যক্তিগত অভিনয় ছাড়া আর দেখার মতো কিছুই ছিল না।

যদি সিনেমায় শাকিব খান না থাকতেন, তবে আল্লাহর কসম দিয়ে তিনি হল থেকে বের হয়ে টিকিটের টাকা ফেরত চাইতেন। মারিয়া মিমের একটি পুরোনো উক্তি স্মরণ করে তিনি বলেন, শাকিবের সঙ্গে নাটকের নায়িকারা প্রেম করছে বলেই আজ ইধিকা পালের মতো গুণী অভিনেত্রীর জায়গায় শাকিবের বিপরীতে তাদের পাওয়া যাচ্ছে, যা এই সিনেমা দেখে শতভাগ সঠিক মনে হয়েছে।

সিনেমার প্রযোজক ও সংগীতের সমালোচনা করে নায়লা নাঈম বলেন, একজন প্রযোজকের পকেট কেটে কীভাবে ঘোড়ার ডিম বানানো যায়, তা এই সিনেমাটি দেখলেই স্পষ্ট বোঝা যায়। সিনেমাটির মূল বিষয়বস্তু মিউজিক বা সংগীত নিয়ে হলেও এর নামের সঙ্গে যায়, এমন উল্লেখযোগ্য কোনো ভালো গান বা মিউজিকই পুরো চলচ্চিত্রে নেই।

শাকিব খানের একজন একনিষ্ঠ ভক্ত হিসেবে তিনি হতাশা ব্যক্ত করে বলেন, ‘ডিয়ার শাকিব খান, একজন ফ্যান হিসেবে হলে যাই আপনার মুভি দেখে হাসতে, কাঁদতে, পরিবারসহ আনন্দ করতে। পরিচালক এবং গল্প নির্বাচনে সতর্ক হোন।’

পরিশেষে শাকিব খানকে হিমেল আশরাফ, মেহেদী হাসান হৃদয় কিংবা রায়হান রাফীর মতো পরীক্ষিত পরিচালকদের সঙ্গে কাজ করার পরামর্শ দিয়ে নায়লা নাঈম বলেন, এই পরিচালকেরা শাকিব খানকে ভালো বোঝেন এবং দর্শক হলে ঠিক কী দেখতে যায়, তা তারা ভালো করে জানেন। ‘রকস্টার’ সিনেমাটি দেখার কারণে তার হলের টিকিটের টাকা এবং পপকর্ন ও ড্রিংকসের সমস্ত টাকাই সম্পূর্ণ বৃথা গেছে বলে তিনি স্ট্যাটাসে উল্লেখ করেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top