সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: এসপি মাসুদ আলম

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে কোনো অপরাধী, সন্ত্রাসী বা মাদক কারবারির জন্য কোনো ধরনের ছাড় নেই বলে কঠোর বার্তা দিয়েছেন জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। তিনি বলেছেন, আইনভঙ্গকারী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী নিরপেক্ষ ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

রবিবার (২ আগস্ট) সীতাকুণ্ড উপজেলার বাটিরখীল এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এর আগে পুলিশ সুপার সীতাকুণ্ড মডেল থানার বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং জনসেবার মান পর্যালোচনা করেন। পাশাপাশি থানার কর্মকর্তা ও সদস্যদের জনগণকে দ্রুত, আন্তরিক ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।

মতবিনিময় সভায় স্থানীয়রা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, ভয়ভীতি প্রদর্শন, মাদক বাণিজ্য এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ তুলে ধরেন।

এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে শোনার পর পুলিশ সুপার বলেন, প্রতিটি অভিযোগ আইনানুগভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি কিংবা যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত নিকটস্থ থানায় অথবা পুলিশের জরুরি সেবায় তথ্য দেওয়ার জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

পুলিশ সুপার আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাস, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে চট্টগ্রাম জেলা পুলিশ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই কার্যক্রম আরও জোরদারভাবে অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top