বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার তারকা দম্পতি মৌসুমী-ওমর সানী। অভিনয়ের সূত্র ধরেই তাদের পরিচয়। একটা সময় প্রেম, তারপর বিয়ে, সংসার ও সন্তান। সম্পর্কের নানা চড়াই-উতরাই পেরিয়ে আজও তারা একে অপরের পরিপূরক।
১৯৯৫ সালের ৪ মার্চ, দুই পরিবারের কাছের মানুষ ও দুজনের ঘনিষ্ঠ দুজন চলচ্চিত্র পরিচালকের উপস্থিতিতে চুপিসারে বিয়ে করেছিলেন মৌসুমী ও ওমর সানী। বিয়ের দেড় বছর পর অর্থাৎ ১৯৯৫ সালের আগস্টের ২ তারিখ বিবাহোত্তর সংবর্ধনায় আয়োজন করেন তারা।
আজ ২ আগস্ট (রবিবার) তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের তিন দশক পূর্ণ হয়েছে। বিশেষ এই দিনে সামাজিকমাধ্যমে একটি আবেগঘন ছবি ও বার্তা শেয়ার করেছেন অভিনেতা ওমর সানী।
এই পোস্টে তিনি স্মরণ করেছেন তাদের দীর্ঘ ৩১ বছরের পথচলার শুরুর দিনগুলো এবং জীবনের নানান সুন্দর মুহূর্ত। যা মুহূর্তেই তাদের ভক্ত ও অনুরাগীদের হৃদয় ছুঁয়ে গেছে।
ফেসবুকে একটি ছবি পোস্ট করে অভিনেতা ওমর সানী লেখেন, ‘হ্যাপি অ্যানিভার্সারি মৌসুমী। আজ থেকে ৩১ বছর আগে তোমাকে ঘরে তুলেছিলাম। আলহামদুলিল্লাহ, তোমার-আমার ঘর আলোকিত করে এসেছে ফারদিন এবং ফাইজা। বেঁচে থাকুক আমাদের সম্পর্ক কবর পর্যন্ত; আমীন।’
১৯৯২ সালে প্রথমবার দেখা হয়েছিল সানী ও মৌসুমীর। সে সময় সানীর প্রথম সিনেমা মুক্তি পেয়েছে, আর মৌসুমীর অভিষেক সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তির অপেক্ষায়। পরিচালক শেখ নজরুল ইসলাম একটি নতুন সিনেমায় দুজনকে একসঙ্গে নেওয়ার আগ্রহ প্রকাশ করলে মৌসুমীর বাসায় তাদের প্রথম বৈঠক ও আলাপ হয়। যদিও সেই নানা ব্যস্ততার কারণে সিনেমাটি ফিরিয়ে দিয়েছিলেন মৌসুমী।
১৯৯৩ সালে ‘দোলা’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধেন তারা। সিনেমাটির শুটিং চলাকালীন মৌসুমীর সঙ্গে কিছু মনোমালিন্য হলেও মূলত সেই ঘটনার রেশ ধরেই অভিনেত্রীর প্রতি এক অন্যরকম মায়া ও ভালোলাগা জন্ম নেয় ওমর সানীর, যা পরবর্তীতে রূপ নেয় গভীর ভালোবাসায়।
চাটগাঁ নিউজ/এমকেএন





