চাটগাঁ নিউজ ডেস্ক : মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে নতুন পরিচালককে পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার (২ আগস্ট) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়। এতে সই করেছেন উপসচিব শাহিনা পারভীন।
প্রজ্ঞাপনের তথ্যমতে, চট্টগ্রাম অঞ্চলের নতুন পরিচালক হয়েছেন এম এম সহিদুল ইসলাম। তিনি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) পরিচালক ছিলেন। সম্প্রতি তাকে এ পদ থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে তিনি ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে বদলির আদেশাধীন। সেখানে যোগ দেওয়ার আগেই তিনি নতুন দায়িত্ব পেলেন।
আর চট্টগ্রাম অঞ্চলের বর্তমান পরিচালক ফজলুল কাদের চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক। পরবর্তী পদায়ন না দেওয়া পর্যন্ত তিনি মাউশি অধিদপ্তরে ওএসডি হিসেবে থাকবেন।
চাটগাঁ নিউজ/এসএ





