চট্টগ্রাম ওয়াসার পানির দাম বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবি ক্যাবের

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম ওয়াসার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকের পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনটি বলেছে, পানির প্রাপ্যতা ও সেবার মান নিশ্চিত না করে মূল্য বৃদ্ধি অযৌক্তিক। একই সঙ্গে প্রস্তাবটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

রোববার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ক্যাবের নেতারা এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালকের অধীনে অনুষ্ঠিত প্রথম বোর্ড সভায় বিগত বছরের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা বন্ধের পরিকল্পনা না নিয়ে গ্রাহকদের ওপর নতুন করে মূল্য বৃদ্ধির বোঝা চাপানোর উদ্যোগ উদ্বেগজনক। ক্যাবের দাবি, অদক্ষ প্রশাসন, অনিয়ম ও পানির অপচয় রোধ করা গেলে মূল্য বাড়ানোর প্রয়োজন পড়বে না। এখনও নগরীর প্রায় ৩০ শতাংশ এলাকায় ওয়াসার পানির সেবা পৌঁছেনি।

ক্যাব আরও অভিযোগ করে, গড় বিল আদায়, পানির উৎপাদন ও বিতরণে অসঙ্গতি, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালকের আমলে বিভিন্ন দুর্নীতির অভিযোগের সুরাহা হয়নি। একই সঙ্গে নগরীর বিভিন্ন এলাকায় ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি, লিকেজ এবং পানিবাহিত রোগের ঝুঁকি নিয়েও কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করা হয়।

নেতারা বলেন, আগে গ্রাহকদের জন্য নিরাপদ ও নিরবচ্ছিন্ন পানির সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ওয়াসার অতীতের অনিয়ম-দুর্নীতির তদন্ত করে প্রতিষ্ঠানটিকে ভোক্তাবান্ধব হিসেবে গড়ে তোলার দাবি জানান তারা।

ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব মহানগরের সভাপতি জেসসিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, যুগ্ন সম্পাদক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর ও যুব ক্যাব চট্টগ্রাম মহানগর সভাপতি আবু হানিফ নোমান প্রমুখ বিবৃতিতে স্বাক্ষর করেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top