‘জুলাই হত্যাকাণ্ডের বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে’

চাটগাঁ নিউজ ডেস্ক: জুলাই হত্যাকাণ্ডের বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

রোববার (২ আগস্ট) রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অডিটোরিয়ামে জাতীয় ছাত্রশক্তি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রতিরোধ ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘জনগণ এখন অনেক বেশি সচেতন। তাই দেশের ভবিষ্যৎ নির্ধারণে জনগণের মতামতের প্রতিফলন নিশ্চিত করতে হবে।’ একই সঙ্গে জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং গণভোট বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

এনসিপির আহ্বায়ক বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অতীতে সরকারি দলের আধিপত্য ও শিক্ষার্থীদের ওপর নির্যাতনের ঘটনা ঘটলেও অনেক বিষয় প্রকাশ্যে আসেনি। এসব ঘটনা সামনে আনার প্রয়োজন রয়েছে।’

তিনি বলেন, ‘বর্তমানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবারও সরকারি দলের ছাত্রসংগঠনের আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে। তবে এমন একটি বাংলাদেশ ও বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে অনেক মানুষের আত্মত্যাগ রয়েছে, যা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সরকারি চাকরিতে কোটাব্যবস্থাকে কেন্দ্র করেই আন্দোলনের সূচনা হয়েছিল। তাই শিক্ষাব্যবস্থার সংস্কার করে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণার কেন্দ্রে পরিণত করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদী শক্তির উত্থান রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এ সময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির নেতাকর্মী ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top