চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বহুল আলোচিত শিশু আয়াত হত্যা মামলার যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে। আগামী ১৭ জুন মামলার রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
তারা জানান, শিশু আয়াতকে অপহরণ, হত্যা এবং মরদেহ গুমের মতো নৃশংস ঘটনায় জড়িত আসামির সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছেন। মামলার সকল সাক্ষ্য-প্রমাণ ও আলামত আদালতে উপস্থাপন করা হয়েছে বলেও জানান তারা।
এদিকে আয়াতের পরিবারের সদস্যরা এখনো সন্তানের জন্য ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। তাদের প্রত্যাশা, আদালতের রায়ের মাধ্যমে ছোট্ট আয়াতের প্রতি হওয়া নিষ্ঠুরতার উপযুক্ত বিচার নিশ্চিত হবে।
২০২২ সালের ১৫ নভেম্বর চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে নিখোঁজ হয় পাঁচ বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াত। পরে তদন্তে বেরিয়ে আসে ভয়াবহ তথ্য। অপহরণের পর আয়াতকে হত্যা করে মরদেহ ছয় টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়েছিল।
ঘটনার তদন্তে পিবিআই জানায়, মুক্তিপণের উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করেছিল আবির নামের এক যুবক, যে আয়াতদের বাসার ভাড়াটিয়া ছিল। তবে শিশুটিকে কোথাও লুকিয়ে রাখার সুযোগ না থাকায় অপহরণের দিনই তাকে হত্যা করা হয়। পরে মরদেহ গুম করতে দেহ খণ্ড-বিখণ্ড করা হয়।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও আলোড়নের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যম, মানবাধিকার সংগঠন এবং সাধারণ মানুষ দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানায়।
বর্তমানে দেশে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার একের পর এক ঘটনায় মানুষের উদ্বেগ আরও বেড়েছে। আছিয়া হত্যা, রামিসা হত্যাসহ সাম্প্রতিক ঘটনাগুলোও নতুন করে প্রশ্ন তুলেছে অপরাধের বিরুদ্ধে বিচার ও শাস্তি কতটা কার্যকর হচ্ছে।
বিস্তারিত সিপ্লাস টিভিতে………
চাটগাঁ নিউজ/জেএইচ





