চাটগাঁ নিউজ ডেস্ক : কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়েছে ২৪ কেজি ওজনের একটি কোরাল মাছ। পরে মাছটি কেটে বিক্রি করা হয়েছে ৩১ হাজার ২০০ টাকায়।
রোববার সকালে টেকনাফ পৌরসভার নাফ নদীর তীরে নির্মিত ট্রানজিট জেটিঘাট এলাকায় মাছটি ধরেন স্থানীয় চৌধুরীপাড়ার জেলে মোহাম্মদ হাসান (৩৪)।
মোহাম্মদ হাসান বলেন, সকাল সাতটার দিকে তিনি জেটিঘাট–সংলগ্ন নাফ নদীতে বড়শি ফেলেন। কিছুক্ষণ পর বড়শিতে শক্ত টান অনুভব করেন। পরে রশি টেনে দেখতে পান, বড় একটি মাছ ধরা পড়েছে। প্রায় ১৫ মিনিট চেষ্টার পর তিনি মাছটি ওপরে তুলতে সক্ষম হন। পরে ওজন করে দেখা যায়, মাছটির ওজন ২৪ কেজি।
মোহাম্মদ হাসান আরও বলেন, দুপুরে মাছটি টেকনাফ বাজারে নিয়ে গেলে ক্রেতাদের ভিড় জমে যায়। সাধারণ সময়ে কোরাল মাছের দাম প্রতি কেজি ৮০০ থেকে ৯০০ টাকা হলেও বড় হওয়ায় তিনি মাছটির দাম হাঁকেন প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা। পরে মাছটি কেটে বিক্রি করেন।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী জাফর আলম বলেন, বঙ্গোপসাগরে মাছ আহরণ বন্ধ থাকায় বাজারে মাছের সংকট চলছে। তবে কিছু জেলে নাফ নদীতে বড়শি ফেলে কোরাল, দাঁতিলা ও পোপা মাছ ধরছেন। এর আগেও কয়েকজন জেলের বড়শিতে ১০ থেকে ১৫ কেজি ওজনের কোরাল মাছ ধরা পড়েছিল। নাফ নদীর কোরাল ও ইলিশের স্বাদও বেশ জনপ্রিয়।
চাটগাঁ নিউজ/এসএ





