আন্তর্জাতিক মঞ্চে আলো ছড়াল ‘রক্তছায়া’

বিনোদন ডেস্ক: বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’ আন্তর্জাতিক অঙ্গনে নতুন একটি স্বীকৃতি অর্জন করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাকোলেড গ্লোবাল চলচ্চিত্র প্রতিযোগিতার মে ২০২৬ আসরে সিনেমাটি ‘অ্যাওয়ার্ড অব রিকগনিশন’ সম্মাননা অর্জন করেছে। এই স্বীকৃতি পেয়েছেন নির্মাতা আলী জুলফিকার জাহেদী।

আয়োজকদের প্রকাশিত ফলাফল অনুযায়ী, ‘রক্তছায়া’ সিনেমার জন্য তিনি ‘পরিচালনা’ এবং ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র’—উভয় বিভাগে স্বীকৃতি লাভ করেন। প্রতিযোগিতার বিজয়ীদের তালিকায় বাংলাদেশের প্রতিনিধিত্বকারী নির্মাতা হিসেবে তার নাম অন্তর্ভুক্ত হয়েছে।

দুই দশকেরও বেশি সময় ধরে আয়োজিত অ্যাকোলেড গ্লোবাল চলচ্চিত্র প্রতিযোগিতা স্বাধীন ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, তথ্যচিত্র এবং সৃজনশীল নির্মাণকে আন্তর্জাতিক পর্যায়ে মূল্যায়নের জন্য পরিচিত। যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিযোগিতায় বিভিন্ন দেশের নির্মাতাদের কাজ আন্তর্জাতিক বিচারকমণ্ডলী নির্মাণশৈলী, গল্প বলার ধরন, সৃজনশীলতা ও কারিগরি মানের ভিত্তিতে মূল্যায়ন করে থাকে।

এর আগে ‘রক্তছায়া’ পাকিস্তানে অনুষ্ঠিত পেশোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার অর্জন করে। এছাড়াও সিনেমাটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও মনোনীত হয়েছে।

মনস্তাত্ত্বিক থ্রিলারধর্মী এই চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনা করেছেন আলী জুলফিকার জাহেদী। এতে মানবমনের মনস্তাত্ত্বিক সংকট, সম্পর্কের জটিলতা এবং বাস্তবতার বিভিন্ন স্তর তুলে ধরা হয়েছে।

সিনেমাটিতে অভিনয় করেছেন রুনা খান, আমান রেজা, রাফাহ নানজেবা তোরসা এবং সঞ্চিতা দত্ত। এটি প্রযোজনা করেছে অ্যাড্রিয়ান প্রোডাকশনস।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top