ক্রীড়া ডেস্ক: আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ তিনটি বিশ্বকাপ আসরে অধিনায়কের আর্মব্যান্ড পরেছেন লিওনেল মেসি। দুইবার এই কীর্তি নিয়ে পরবর্তী অবস্থানে রয়েছেন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। যদিও আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের মতে, ম্যারাডোনাও সমানসংখ্যক বিশ্বকাপে আর্জেন্টিনার নেতৃত্ব দিয়েছিলেন। সেই হিসেবে ২০২৬ বিশ্বকাপে মেসি সর্বোচ্চ চতুর্থ আসরে অধিনায়কত্ব করার নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন।
এছাড়া আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে যাওয়া বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ ষষ্ঠ আসর খেলার রেকর্ডও গড়বেন মেসি। এর আগে তিনি বিশ্বকাপে সর্বোচ্চ ২৬টি ম্যাচ খেলার রেকর্ড নিজের করে নিয়েছেন। এবার সেই সংখ্যাটি আরও বাড়ানোর সুযোগ থাকবে তার সামনে। ইতোমধ্যে বিশ্বকাপে টানা ১৮ ম্যাচে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছেন এলএমটেন।
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা দলে অধিনায়কের ছড়াছড়ি দেখা যাচ্ছে। কোচ লিওনেল স্কালোনি এখনো চূড়ান্ত স্কোয়াড ঘোষণা না করলেও ধারণা করা হচ্ছে, দলে থাকা অনেক অভিজ্ঞ খেলোয়াড়ই নিজ নিজ ক্লাবে অধিনায়কত্বের দায়িত্ব পালন করছেন।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের আগের প্রতিবেদনে ২২ জন খেলোয়াড়ের জায়গা প্রায় নিশ্চিত বলে জানানো হয়েছিল। ক্লাব পর্যায়ে অধিনায়কত্ব করা একাধিক ফুটবলার আছেন এই দলে, যারা স্বাভাবিকভাবেই একজন নির্ভরযোগ্য নেতার নেতৃত্বে নিজেদের ভূমিকা পালন করছেন।
অভিজ্ঞ কোচ সার্জিও বাতিস্তা, যিনি যুব পর্যায়ে মেসির কোচ ছিলেন, স্মৃতিচারণ করে বলেন, “যখন সে পরিণত হলো, বুঝতে পারল সময় এসেছে—তখনই সে বিস্ফোরিত হয়। সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করেছে সে। যখন অনুভব করল নেতৃত্ব দেওয়ার সময় এসেছে, তখনই দায়িত্ব নিয়েছে।”
মেসি ২০১১ সালের সেপ্টেম্বরে আর্জেন্টিনার অধিনায়কত্ব পান। এর আগে আর্মব্যান্ড ছিল হাভিয়ের মাশ্চেরানোর হাতে। ধীরে ধীরে নিজেকে নেতৃত্বের ভূমিকায় প্রতিষ্ঠিত করেন তিনি।
সেবাস্তিয়ান বেক্কাসেসি বলেন, লিও দুই দশক ধরে শীর্ষে থেকেও বিনয়ের সঙ্গে দলকে নেতৃত্ব দেয়। হারলে সে প্রতিক্রিয়া দেখায়, আর সেটাই তার শক্তি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে নেতৃত্বকে ভারসাম্যপূর্ণ করেছে। এখানে নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই—সে-ই নেতা।
বর্তমান আর্জেন্টিনা দলে আরও কয়েকজন অভিজ্ঞ অধিনায়ক আছেন। ডিফেন্ডার নিকোলাস ওতামেন্ডি, যিনি ‘দ্য জেনারেল’ নামে পরিচিত, পর্তুগালের বেনফিকায় রক্ষণভাগের নেতৃত্ব দেন।
এছাড়া মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস বোকা জুনিয়র্সের অধিনায়ক এবং রাইটব্যাক গঞ্জালো মন্টিয়েল রিভার প্লেটের নেতৃত্ব দেন। টটেনহ্যাম হটস্পারের ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোও ক্লাব পর্যায়ে নেতৃত্বের ভূমিকা পালন করছেন।
কোচ থমাস ফ্র্যাঙ্ক রোমেরোকে নিয়ে বলেন, সে এমন এক নেতা, যাকে সবসময় কথা বলতে হয় না। তার উপস্থিতি ও তীব্রতাই তার নেতৃত্বের প্রতীক।
চাটগাঁ নিউজ/এমকেএন





