পাহাড়তলীর আলোচিত হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পাহাড়তলীতে যুবক আকাশ দাস (২৬) হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. রায়হান ওরফে রেন্ডিকে (১৯) অবশেষে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তার রায়হান হবিগঞ্জ সদর উপজেলার সওদাগর মিয়ার বাড়ি এলাকার ইসমাইলের ছেলে।

বুধবার (২০ মে) ঢাকার হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

র‍্যাব জানায়, গত ২৬ ফেব্রুয়ারি রাতে পাহাড়তলী থানাধীন বিটাক এসটেক প্লাস্টিক ফ্যাক্টরি এলাকায় আকাশ দাসকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন নিহত আকাশের বাবা বাবুল দাস পাহাড়তলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই মামলার প্রধান আসামি রায়হান ওরফে রেন্ডি পলাতক ছিলেন।

র‍্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রেন্ডি ঢাকার হাজারীবাগ এলাকায় অবস্থান করছেন। পরে র‍্যাব-৭ চট্টগ্রাম ও র‍্যাব-৩ ঢাকার যৌথ অভিযানে সোমবার দিবাগত রাতে হাজারীবাগ থানার কালুনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাজারীবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top