হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়ে দাফন রাঙ্গুনিয়ার চার ভাইয়ের

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালানগরে একসঙ্গে চার ভাইয়ের জানাজাকে কেন্দ্র করে সৃষ্টি হয় হৃদয়বিদারক পরিবেশ। হাজারো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত জানাজায় নিহতদের জীবিত একমাত্র ভাই মাওলানা এনামুল হক এনাম ইমামতি করেন।

বুধবার (২০ মে) সকাল ১১টার দিকে হোসনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই মাঠ ও আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। দূরদূরান্ত থেকে ছুটে আসেন নানা শ্রেণি-পেশার মানুষ, শেষবারের মতো চার ভাইকে বিদায় জানাতে।

জানাজার আগে পাশাপাশি রাখা চারটি কফিন ঘিরে তৈরি হয় শোকাবহ পরিবেশ। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি।

সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল, চার ভাইয়ের কফিন সামনে রেখে তাদের জীবিত একমাত্র ভাইয়ের ইমামতি করা। দৃশ্যটি উপস্থিত মানুষকে গভীরভাবে নাড়া দেয়।

স্থানীয় বাসিন্দা আবদুস সালাম বলেন, জীবনে কখনও একসঙ্গে চার ভাইয়ের জানাজা দেখিনি। পুরো এলাকা যেন শোকে স্তব্ধ হয়ে গেছে।

আরেক বাসিন্দা হারুনুর রশিদ বলেন, সকাল থেকেই মানুষের ভিড় বাড়তে থাকে। অনেকেই কান্না সামলাতে পারছিলেন না। এমন মর্মান্তিক ঘটনা এই এলাকার মানুষ সহজে ভুলতে পারবে না।

জানাজা শেষে মরদেহগুলো লালানগর গ্রামের বন্দাররাজা পাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে নেওয়া হয়। সেখানে পাশাপাশি খনন করা চারটি কবরে তাদের দাফন সম্পন্ন করা হয়।

এর আগে ভোরে দুটি ফ্রিজার অ্যাম্বুল্যান্সে চার ভাইয়ের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত সপ্তাহে ওমানের আল মিলিদ্দা এলাকায় একটি গাড়ির ভেতরে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসে আক্রান্ত হয়ে চার ভাইয়ের মৃত্যু হয়। নিহতরা হলেন রাশেদুল ইসলাম, সাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম ও সিরাজুল ইসলাম।

একসঙ্গে চার ভাইয়ের মৃত্যু ও দাফনের ঘটনায় রাঙ্গুনিয়াজুড়ে নেমে এসেছে গভীর শোক।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top