হালদা থেকে ৯১ কেজি ওজনের মৃত ডলফিন উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক : হালদা নদী থেকে প্রায় ৯১ কেজি ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। এ নদীতে এ পর্যন্ত উদ্ধার হওয়া মৃত ডলফিনের সংখ্যা ৪৯টি।

মঙ্গলবার (১৯ মে) রাউজান উপজেলার সিপাহির ঘাট এলাকায় স্থানীয় লোকজনের সহযোগিতায় মৃত ডলফিনটি উদ্ধার করা হয়।

জানা গেছে, উদ্ধার হওয়া ডলফিনটি একটি পরিণত স্ত্রী ডলফিন। এর দৈর্ঘ্য ২৩৯ সেন্টিমিটার বা প্রায় ৭ ফুট ১০ ইঞ্চি। প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, মৃত্যুর পাঁচ-ছয় দিন পর ডলফিনটির মৃতদেহ নদীতে ভেসে ওঠে।

হালদা গবেষক ড. মো. মঞ্জুরুল কিবরীয়া জানান, এত বড় একটি ডলফিনের মৃত্যু হালদা নদীর জীববৈচিত্র্যের জন্য অশনিসংকেত। ডলফিন নদীর পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মৃত্যুর কারণ অনুসন্ধানে আরও গবেষণা প্রয়োজন।

তিনি আরও বলেন, হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির পিএইচডি গবেষক শাহ মোহাম্মদ কায়সার ও আইডিএফের নুরুল হাকিম ডলফিনটির সুরতহাল সম্পন্ন করেন। পরে আইডিএফ হালদা প্রশিক্ষণ ও রিসার্চ সেন্টারে মৃত ডলফিনটি মাটি চাপা দেওয়া হয় এবং ভবিষ্যৎ গবেষণার জন্য দাঁত সংগ্রহ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top