‘সভায় নাকচ নির্বাচন বাতিলের প্রস্তাব, ভোটে বাধা নেই’
নির্বাচন কর্মকর্তা রৌশন আরা বেগম

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশন বাতিল ও নতুন তফসিল ঘোষণার দাবিতে জামায়াতে ইসলামীপন্থী আইনজীবীদের আবেদনে ডাকা তলবি সভায় তাদের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়েছে। তবে নির্বাচন বাতিল চেয়ে করা মামলার শুনানি বুধবার (২০ মে) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আজ মঙ্গলবার (১৯ মে) বিকেলে সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত তলবি সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার। সভায় প্রস্তাবের পক্ষে-বিপক্ষে বক্তব্য শেষে হাত তুলে ভোটাভুটি হয়।

এতে প্রস্তাবের পক্ষে ১৭১ জন এবং বিপক্ষে ২৮৯ জন ভোট দেন। ফলে নির্বাচন কমিশন বাতিলের প্রস্তাব নাকচ হয়ে যায়।

বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা বলছেন, তলবি সভায় প্রস্তাব নাকচ হওয়ায় নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা নেই। সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার বলেন, আদালতও নির্বাচনের পক্ষে আদেশ দেবেন বলে তারা আশা করছেন।

অন্যদিকে জামায়াতপন্থী আইনজীবীদের সংগঠন ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের প্রধান সমন্বয়ক শামসুল আলম জানান, আগেই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। এরপরও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে আদালতের শরণাপন্ন হয়েছেন এবং তলবি সভা আহ্বানের প্রস্তাব দিয়েছিলেন। সমিতির ৯টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই এবং গঠনতন্ত্র অনুযায়ী প্রার্থী তালিকা প্রকাশ না করায় বর্তমান নির্বাচন কমিশন বৈধতা হারিয়েছে। তাই নতুন নির্বাচন কমিশন গঠন ও নতুন তফসিল ঘোষণার দাবি জানাচ্ছেন।

এ বিষয়ে মুখ্য নির্বাচন কর্মকর্তা রৌশন আরা বেগম বলেন, তলবি সভায় নির্বাচন কমিশন বাতিলের প্রস্তাব নাকচ হওয়ায় ভোটগ্রহণে আর কোনো বাধা নেই। আগামী ২১ মে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। সহসভাপতি ও ১১টি সদস্য পদে ২৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি ৯টি পদে একজন করে প্রার্থী থাকায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। এবার প্রায় পাঁচ হাজার ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top