চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। একইসঙ্গে একটি প্রতিষ্ঠান সাময়িকভাবে সীলগালা করে দেওয়া হয়েছে।

সোমবার (১৮ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে আকবর শাহর লেকসিটি রোড এলাকায় অবস্থিত ‘এস বি এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানে শিল্পকারখানায় ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডারের গ্যাস মেডিক্যাল অক্সিজেন হিসেবে বিক্রি করার প্রমাণ পাওয়া যায়।

এ অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। একই এলাকায় অবস্থিত সেবা ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া হালিশহর এলাকার হালিশহর হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিঅ্যাজেন্ট ব্যবহার করে বিভিন্ন মেডিক্যাল টেস্ট করার অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় আরাফাত কসমেটিক্স নামের আরও একটি প্রতিষ্ঠানে নিষিদ্ধ ও অননুমোদিত প্রসাধনী সামগ্রী বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়ায় ১ লাখ ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একটি প্রতিষ্ঠান সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top