পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার বিভিন্ন হাট-বাজারে অতিরিক্ত টোল বা হাসিল আদায় ও অনিয়মের অভিযোগ উঠেছে। নির্ধারিত টোলের চেয়ে বেশি টাকা আদায় করা হলেও দেওয়া হয় না কোনো রসিদ বা ভাউচার। এতে করে ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
অভিযোগ রয়েছে, ইজারাদারদের নিয়োজিত কিছু লোক রসিদবিহীন এই অতিরিক্ত টাকা আদায় করছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ছোট দোকান থেকে শুরু করে সবজি, মাছ ও কাঁচামাল বিক্রেতাদের কাছ থেকেও অতিরিক্ত টোল নেওয়া হচ্ছে। এতে ব্যবসায়ীদের খরচ বেড়ে যাওয়ায় পণ্যের দামেও প্রভাব পড়ছে। অনেক ক্ষেত্রে প্রতিবাদ করলেও উল্টো হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
একাধিক ক্রেতা জানান, বাজারে অতিরিক্ত খরচের চাপ শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপরই পড়ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় নিম্ন আয়ের মানুষ বেশি কষ্টে পড়েছেন।
স্থানীয় সচেতন মহল বলছে, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা না থাকায় এসব অনিয়ম বাড়ছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইজারাদারদের দাবি, সরকার নির্ধারিত নিয়ম মেনেই টোল আদায় করা হচ্ছে। তবে কোনো অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বলেন, অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উলেখ্য, ১৭ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে পটিয়ায় উপজেলা গঠিত। পৌরসভা ও ইউনিয়ন মিলে ছোট বড় প্রায় ২১-২২টি হাট-বাজার রয়েছে যার একটিতেও দেওয়া হয়না টোল আদায়ের রশিদ।
বিস্তারিত সিপ্লাস টিভিতে……………..
চাটগাঁ নিউজ/পিবলু/জেএইচ





