বিনোদন ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’। কবি জীবনানন্দ দাশের কালজয়ী সৃষ্টি অবলম্বনে নির্মিত সিনেমাটি আগামী কোরবানির ঈদে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।
শুক্রবার (১৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির নতুন একটি পোস্টার প্রকাশ করেন নাবিলা। পোস্টারের ক্যাপশনে তিনি লেখেন,
“না, এ কোনো যন্তরমন্তরের ঘর নয়। যে ঘরের চাবি আছে, তবুও তালা খোলার কোনো পথ নেই! কে থাকে সেই ঘরে? ‘বনলতা সেন’ আসছে এই ঈদে আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে।”
সিনেমাটি নিয়ে নাবিলা বলেন, “অনেক দিনের অপেক্ষার অবসান হলো। একটা সময় আমরা নিজেরাও ভাবছিলাম, সিনেমাটি আদৌ মুক্তি পাবে কি না। পোস্ট-প্রোডাকশনের কাজ ভারতে হওয়ায় মাঝখানে ভিসা জটিলতাসহ নানা সমস্যার কারণে দেরি হয়েছে। অবশেষে সিনেমাটি মুক্তি পাচ্ছে, এজন্য আমি ভীষণ আনন্দিত।”
এর আগে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল ২০২৪ সালেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছিলেন। তবে দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তখন মুক্তি স্থগিত করা হয়। পরে রোজার ঈদেও মুক্তির আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি।
২০২১-২২ অর্থবছরে সিনেমাটি ৭০ লাখ টাকা সরকারি অনুদান পায়। এতে নাবিলার পাশাপাশি কবি জীবনানন্দ দাশ–এর চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরিফ সিরাজ ও সুমাইয়া খুশি।
চাটগাঁ নিউজ/এমকেএন





