আ.লীগের কার্যক্রমের বিরুদ্ধে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চাটগাঁ নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ যুবশক্তি, ছাত্রশক্তি ও শ্রমিকশক্তি।

শুক্রবার (১৫ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে মহানগর এনসিপির আহ্বায়ক মীর মোহাম্মদ সোয়াইব সভাপতিত্ব করেন এবং সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন অনুষ্ঠান সঞ্চালনা করেন।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগের রাজনৈতিক ভূমিকা, সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও প্রশাসনের অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেন। তারা অভিযোগ করেন, কিছু পক্ষ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে এবং এ বিষয়ে জড়িতদের চিহ্নিত করা প্রয়োজন।

সমাবেশে সিনিয়র যুগ্ম সদস্যসচিব হুজ্জাতুল্লাহ বিন ফারুক বলেন, আওয়ামী লীগকে কারা মদদ দিচ্ছে তা খুঁজে বের করতে হবে। তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ ও বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে ‘গুপ্ত রাজনীতি’র অভিযোগ উঠছে।

আরেক সিনিয়র যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন বলেন, বিভিন্ন রাজনৈতিক নেতাদের জানাজায় অংশগ্রহণ ও অতীত রাজনৈতিক ঘটনার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, কিছু দল আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করছে।

যুগ্ম সদস্যসচিব ডা. এমআর রহমান মাবরুর বলেন, অতীতের রাজনৈতিক সহিংসতা ও ‘জুলাই আন্দোলন’-এর প্রসঙ্গ তুলে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার দাবি করেন এবং তাদের রাজনীতি নিষিদ্ধ করার আহ্বান জানান।

যুগ্ম সদস্যসচিব সাদিয়া আফরিন বলেন, সাম্প্রতিক রাজনৈতিক স্লোগান ও বিভিন্ন জানাজা ঘিরে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেন এবং আওয়ামী লীগকে সমর্থনকারীদের সমালোচনা করেন।

মহানগর এনসিপির সদস্য তানিয়া আমিন বলেন, অতীতের রাজনৈতিক সহিংসতার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে স্বৈরাচারবিরোধী অবস্থান আরও জোরদার করার কথা জানান।

সাংগঠনিক সম্পাদক শাহেদ ইকবাল চৌধুরী প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে তিনি রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতা দেখা দিলে কঠোর অবস্থানের হুঁশিয়ারিও দেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চেরাগি পাহাড়, জামালখান, মোমিন রোড ও আন্দরকিল্লা এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়। এ সময় বিভিন্ন ধরনের রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায় অংশগ্রহণকারীদের।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top