চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি প্রতিরোধ ও শৃঙ্খলা রক্ষায় মোবাইল কোর্টের অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন অপরাধে ১৬ জনকে মোট ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বিমানবন্দরের পরিচালকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করা, বিমানবন্দরের দোকান ও লাউঞ্জের খাবারের মান এবং মূল্যতালিকা যাচাই ও টার্মিনালের ড্রাইভওয়েতে শৃঙ্খলা বজায় রাখতে আজ রবিবারসহ গত কয়েকদিন ধরে বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের নির্দেশনায় এসব অভিযান চালানো হয়।
অভিযানে পার্কিং এলাকা ও ড্রাইভওয়েতে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ১৫ জনকে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একজনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
যাত্রী হয়রানির অভিযোগে তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে একজনকে ৩০ দিন এবং অন্য দুজনকে পাঁচদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযান চলাকালে বিমানবন্দরের নিরাপত্তা শাখার কর্মকর্তা মো. তারেক জিয়াউদ্দিন, বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সদস্য ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত ও সেবার মান নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এসএ






