চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের ২ পক্ষের সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে সাংবাদিক মো. মিসবাহ উদ্দিন স্বাধীনকে মারধরের ঘটনায় ৩ শিক্ষার্থীকে শনাক্ত করার দাবি করেছে চুয়েট সাংবাদিক সমিতি।
তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে সংগঠনটি।
শনিবার (২৮ নভেম্বর) রাতে দেওয়া অভিযোগে যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিহাবুল ইসলাম খান ও সাজিদ মাহমুদ এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গোবিন্দ মোদকের নাম উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় তাদের অংশগ্রহণের বিষয়টি শনাক্ত করা হয়েছে বলে অভিযোগপত্রে দাবি করা হয়। একই ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততার বিষয়ও উঠে এসেছে বলে জানিয়েছে সাংবাদিক সমিতি।
এর আগে, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থীদের ২ পক্ষের বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও কয়েক দফায় মারামারির ঘটনা ঘটে। এতে অন্তত ৫ শিক্ষার্থী আহত হন। সংঘর্ষের একপর্যায়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মারধরের শিকার হন সাংবাদিক মিসবাহ উদ্দিন স্বাধীন।
অভিযোগপত্রে চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আসাদুল্লাহ আল গালিব ও সাধারণ সম্পাদক ফাইয়াজ মুহাম্মদ উল্লেখ করেন, সাংবাদিক পরিচয় নিশ্চিত হওয়ার পরও মিসবাহ উদ্দিন স্বাধীনের ওপর হামলার ঘটনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য উদ্বেগজনক। এ ঘটনায় জড়িতদের পাশাপাশি অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরও শনাক্ত করার দাবি জানানো হয়েছে।
অভিযোগে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আসাদুল্লাহ আল গালিব বলেন, ঘটনার সময় আমাকে সেখানে ডেকে নেয়া হলে আমি স্বাধীনকে চুয়েট সাংবাদিক সমিতির কার্যকরী সদস্য ও সাংবাদিক হিসেবে পরিচয় করিয়ে দিই। বিষয়টি বোঝার চেষ্টা করে মীমাংসা করার চেষ্টা করি। আলোচনার এক পর্যায়ে তার পরিচয় নিশ্চিত করার পরও তার ওপর এভাবে সন্ত্রাসী কায়দায় হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিককে এভাবে হামলা ও হেনস্তার শিকার হতে হবে, তাকে সন্ত্রাসী কায়দায় মারবে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. সাইফুল ইসলাম বলেন, তারা অভিযোগ পেয়েছেন। অভিযোগ যাচাই-বাছাই শেষে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/জেএইচ






