শাহ আমানত বিমানবন্দরে তার চুরির ঘটনায় কারাদণ্ড

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিদ্যুতের তার চুরির অভিযোগে মো. সোহেল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) সকালে বিমানবন্দরের প্রধান ফটকসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ বিদ্যুতের তার উদ্ধার করা হয়।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নুর হোসেন জানান, দায়িত্ব পালনরত এক আনসার সদস্যের কাছে ওই ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। পরে তার উদ্ধার হলে বিষয়টি বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা তারেক জিয়া উদ্দিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনকে জানানো হয়। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির নাম মো. সোহেল বলে জানায়।

বিমানবন্দর পরিচালক জানান, সোহেল ওই এলাকায় সাম্প্রতিক কয়েকটি চুরির ঘটনায় জড়িত ছিলেন। এর আগেও চুরির মামলায় সাজা ভোগ করেছেন তিনি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top