রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় চোলাই মদের বড় চালানসহ একটি সিএনজি অটোরিকশা জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনতা।
মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার শান্তিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী মো. হারুন জানান, সিএনজি অটোরিকশায় করে মদের চালান পাচার করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে এলাকাবাসী গাড়িটির গতিরোধ করে এবং পুলিশকে খবর দেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা এক উপজাতীয় যুবকসহ তিন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।
খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিএনজি অটোরিকশাটি নিজেদের হেফাজতে নেয়।
থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজান জানান, আটক সিএনজি অটোরিকশাটি (চট্টগ্রাম-থ-১১-৪৯৭৩) তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো ১৩টি প্লাস্টিক ব্যাগ উদ্ধার করা হয়। প্রতিটি ব্যাগে ৬ লিটার করে মোট ৭৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ পাওয়া গেছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৯ হাজার টাকা।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন বলেন, মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন






