কাপ্তাইয়ে পাচারকালে বিরল প্রজাতির মালায়ান নাইট হেরন উদ্ধার

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে পাচারের সময় বিরল প্রজাতির একটি ‘মালায়ান নাইট হেরন’ (বক) উদ্ধার করেছে বন বিভাগ। তবে অভিযানের সময় পাচারকারীরা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টার দিকে উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ব্যাঙছড়ি ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার মামুনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বন বিভাগের একটি দল অফিস সহকারী ওসমান গণির নেতৃত্বে সেখানে অভিযান চালায়।

অভিযানে অংশ নেওয়া ওসমান গণি জানান, পাচারকারীরা পাখিটি নিয়ে পাচারের উদ্দেশ্যে ব্যাঙছড়ি ঘাট এলাকায় অবস্থান করছিল। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে তারা পাখিটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় বিরল প্রজাতির এই পাখিটি উদ্ধার করা হয়।

রেঞ্জ অফিসার মামুনুর রহমান আরও বলেন, উদ্ধারকৃত পাখিটি বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে। এটি একটি বিরল প্রজাতির পাখি হওয়ায় দ্রুত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

তিনি জানান, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস এম সাজ্জাদ হোসেনের নির্দেশনায় পাখিটিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার এভিয়ারি পার্কে হস্তান্তর করা হয়েছে। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা শেষে পাখিটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন

Scroll to Top