চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর ব্যস্ততম স্টেশন রোড এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে মালামাল রাখার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি ও যানজটের কারণে সৃষ্ট ভোগান্তি নিরসনে তিনি সংশ্লিষ্ট দোকান মালিকদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মেয়র বলেন, রাস্তা জনগণের সম্পদ। কেউ ব্যক্তিগত প্রয়োজনে রাস্তা দখল করে মালামাল রাখলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। স্টেশন রোডে দীর্ঘদিন ধরে যে অনিয়ম চলছে, তা বন্ধে সিটি কর্পোরেশন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।
তিনি আরও বলেন, ব্যবসা পরিচালনা করতে হলে অবশ্যই নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে। ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা করা আইনত অপরাধ। নগরবাসীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করবো এবং প্রয়োজন হলে জরিমানা ও উচ্ছেদ কার্যক্রম জোরদার করা হবে।
মেয়র ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা নিজ দায়িত্বে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখুন। অন্যথায় সিটি কর্পোরেশন আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবে।
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, স্টেশন রোডসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এ অভিযানের মাধ্যমে অবৈধ দখল উচ্ছেদ করে পথচারী ও যান চলাচল স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ






