এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, ২৯ অক্টোবর গণশুনানি

চাটগাঁ নিউজ ডেস্ক: এলপিজি বিক্রিতে কমিশন বাড়ানোর দাবিতে ব্যবসায়ীদের ডাকা দুই দিনের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন ব্যবসায়ীরা।

তাদের দাবির বিষয়ে আগামী ২৯ অক্টোবর গণশুনানির সিদ্ধান্ত নিয়েছে বিইআরসি।

এলপিজি গ্যাস ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. সেলিম খান জানান, গত দুই দিনে বিইআরসির চেয়ারম্যানের সঙ্গে তাদের কয়েক দফা বৈঠক হয়েছে। সর্বশেষ আজ বিকেল সাড়ে ৩টার দিকে অনুষ্ঠিত বৈঠকে আগামী ২৯ অক্টোবর সকাল ১০টায় গণশুনানির মাধ্যমে তাদের দাবিগুলো পর্যায়ক্রমে পূরণের আশ্বাস দেওয়া হয়। এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এর আগে গত ১২ অক্টোবর ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ রাখার ঘোষণা দেন ব্যবসায়ীরা।

এদিকে আজ সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক করেন সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিরা।

বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান।

একই সঙ্গে ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন জ্বালানিমন্ত্রী।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top