চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বিকেলে তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেহেদীনগর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মো. শহিদুল ইসলাম প্রকাশ রানা মেম্বার (৩৬), হারুন অর রশিদের ছেলে শরীফুল ইসলাম প্রকাশ রিয়াজ (২৬) ও বারইয়ারহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জামালপুর এলাকার মৃত সুনীল চন্দ্র দাসের ছেলে শিমুল চন্দ্র দাস (৪৩)।
তাদের মধ্যে শহিদুল ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য, শরিফুল ছাত্রলীগ নেতা ও শিমুল চন্দ্র দাস বারইয়ারহাট পৌরসভার যুবলীগ নেতা।
জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, সোমবার ভোর থেকে পুলিশের একাধিক টিম পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
একই দিন দুপুরে তাদের আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ






