বোয়ালখালীতে সিএনজি অটোরিকশা-টেম্পুর সংঘর্ষ, আহত ৫

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা চৌমুহনী এলাকায় সিএনজি অটোরিকশা ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে আরাকান সড়কের শাকপুরা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—হোরারবাগ এলাকার বাঁশি মোহন দত্তের ছেলে রাম প্রসাদ দত্ত (৫২), পূর্ব গোমদন্ডী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে মোজ্জাম্মেল হক (৩০), পশ্চিম শাকপুরা এলাকার দুলাল চৌধুরীর ছেলে উত্তম চৌধুরী (৫৪), একই এলাকার কার্তিক দাশের স্ত্রী মিতা দাশ (৩৫) এবং খিতাপচর এলাকার জাহেদুল হক (২৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কালুরঘাটমুখী একটি টেম্পুর সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহমুদ হাসান জানান, আহতদের মধ্যে রাম প্রসাদ দত্ত ও মিতা দাশের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন

Scroll to Top