মহেশখালী প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া বাজারের ফকিরজুম পাড়া- নয়াপাড়া এলাকায় অস্ত্রসহ হেলাল প্রকাশ সন্ত্রাসী হেলাল (৩৩) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বন্দুক ও একটি ছোরা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি আব্দুস সুলতান।
গ্রেপ্তার হওয়া সন্ত্রাসী কালারমারছড়ার ফকিরজুম পাড়া এলাকার এখলাছুর রহমানের পুত্র।
কালারমারছড়া পুলিশ ক্যাম্পের আইসি এসআই মোশারফ জানান, গোয়েন্দা সূত্রে মহেশখালী থানার অফিসার ইনচার্জের নির্দেশে পুলিশের একটি ইউনিট কালারমারছড়া বাজারের ফকিরজুম পাড়া ও নয়া পাড়া অংশে অভিযান চালিয়ে তালিকাভুক্ত এই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কোমর থেকে একটি দেশিয় তৈরি বন্দুকসহ একটি ছোট কিরিচ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে হত্যা, ডাকাতির মামলা রয়েছে। এর আগে একাধিক অভিযান চালিয়েও তাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সন্ত্রাসী দ্বীপের শীর্ষ সন্ত্রাসী লম্বা তারেক বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করতো বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
চাটগাঁ নিউজ/হোবাইব/এসএ





