একযোগে চট্টগ্রামের ৪ উপজেলার এসিল্যান্ড প্রত্যাহার!

চাটগাঁ নিউজ ডেস্ক: একযোগে চট্টগ্রামের চার উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করেছে সরকার।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন— বোয়ালখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মং এছেন এবং রাউজান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাউজানের সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমাকে সহকারী কমিশনার হিসেবে এবং অপর তিন কর্মকর্তাকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

চট্টগ্রামের চার কর্মকর্তার পাশাপাশি দেশের বিভিন্ন উপজেলার কর্মরত মোট ৬৮ জন সহকারী কমিশনারকে (ভূমি) প্রত্যাহার করা হয়েছে। তাদের চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা ও রংপুর বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

তবে প্রজ্ঞাপনে প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের পরবর্তী নির্দিষ্ট কর্মস্থল বা পদায়নের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top