চাটগাঁ নিউজ ডেস্ক : রাউজান থানায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ সন্ত্রাসী রায়হান উদ্দিনের সহযোগী তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কদলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মীর বাগিচা মুনিরিয়া যুব তবলীগের নির্মাণাধীন মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় দেশীয় এলজি, দুইটি সিসা কার্তুজ, একটি রামদা ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- রাউজানের শাওয়াল খলিফার বাড়ির বদিউল আলমের ছেলে মো. শাহাদাত হোসেন সাজ্জাদ (৩০), পূর্ব রাউজানের মো. মুসার ছেলে মো. জাফর (৩৮) এবং একই এলাকার মো. সেলিম উদ্দিনের ছেলে মো. সাফায়েত হোসেন সিফাত (১৯)।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে রাউজান থানা পুলিশের টহল দল ও ডিবি সদস্যরা সমন্বিত অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পাওয়ার আগেই ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাদাত ও জাফর রায়হানের নির্দেশনায় চাঁদাবাজি, অবৈধভাবে বালু উত্তোলনসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া সাফায়েত রায়হানের নিয়ন্ত্রণাধীন একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিত বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে পুলিশ।
এ ঘটনায় রাউজান থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক মামলা হয়েছে। রায়হানের অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
চাটগাঁ নিউজ/এসএ






