চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার সৈয়দ শাহ রোড এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সৈয়দ শাহ রোডের মোরশেদ টাওয়ারের সামনে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের লোকজন পরস্পরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে সড়কে চলাচলরত কয়েকটি সিএনজি অটোরিকশার গ্লাসও ভাঙচুর করা হয়।
সংঘর্ষের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সঙ্গে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।
খবর পেয়ে বাকলিয়া থানার টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযান চালিয়ে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর) ও অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, সংঘর্ষের ঘটনায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






