চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জ অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।
রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলায় ৭৮ জন, আগের মামলায় ১১০ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৪ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১২ জন রয়েছেন। এছাড়া কার্যবিধির ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া বিভিন্ন মামলার পরোয়ানা মূলে ৯৬ জন এবং সাজা পরোয়ানায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়।
মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১৩৯ জনকে। তাদের মধ্যে মাদক বহনের অভিযোগে দুজন এবং মাদক সেবনের অভিযোগে ১৩৭ জন রয়েছেন। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৪০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৯ জনে।
অভিযান চলাকালে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে ১৩ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এ ছাড়া মাদকবিরোধী অভিযানে মোট ২৮টি মামলা দায়ের করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






